সাতক্ষীরায় পুরাতন ও খেলাপি মোটরযান, বিশেষ করে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধে বিশেষ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোই মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ‘২৫) দুপুরে সাতক্ষীরা মেডিকেলের সামনে বাইপাস সড়কে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা ভঙ্গের পাঁচটি মামলার বিপরীতে ১০,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন শামীম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমানসহ পুলিশ ফোর্স।
বিআরটিএ সূত্রে জানা যায়, এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান। সারাদেশের ন্যায় খুলনা বিভাগের প্রতিটি জেলাতেই এই অভিযান চালানো হচ্ছে। সাতক্ষীরায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে অভিযানটি ধারাবাহিকভাবে চলবে।
কর্তৃপক্ষ আশা করছেন, এই ধরনের অভিযান সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও জোরদারভাবে পরিচালিত হবে।







