শিরিনা সুলতানা, তালা প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৩১:৫২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা সাব-জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা চার দফা দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন শুরু করেছেন। এতে অফিসের সব কার্যক্রম বন্ধ থাকায় গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই অফিসের প্রধান ফটক বন্ধ ছিল। গ্রাহকরা প্রয়োজনীয় কাজ করতে এসে ফিরে যাচ্ছেন। অনেকেই অভিযোগ করেছেন, বিদ্যুৎ অফিসের কার্যক্রম বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অফিসের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা, বরখাস্ত ও বদলির মাধ্যমে কর্মকর্তাদের হয়রানির কারণে কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “জনগুরুত্বপূর্ণ বিদ্যুৎ অফিস বন্ধ থাকায় গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। দ্রুত আলোচনা করে সমস্যা সমাধান জরুরি।”
এজিএম সাধন কুমার মন্ডল জানান, চার দফা দাবিতে গণছুটি পালন করা হচ্ছে। গত শুক্রবার বিকেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাতক্ষীরার সব কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের জন্য গণছুটি ঘোষণা করেন।
জানা গেছে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ৬ লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছেন। অফিস বন্ধ থাকায় তাদের সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে।

















