ডেস্ক রিপোর্ট ৮ সেপ্টেম্বর ২০২৫ , ২:১১:৩৩ অনলাইন সংস্করণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে সাতক্ষীরা সিটি কলেজ ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল— “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার।” এতে মোটরযান চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ তাজুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আজিজুর রহমান এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারী চালকদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় প্রধান প্রশিক্ষক জিয়াউর রহমান চালকদের উদ্দেশ্যে বলেন,
“যাত্রীদের সাথে সদাচরণ করা ও যানবাহন পরিচ্ছন্ন রাখা প্রতিটি চালকের দায়িত্ব। গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো যাবে না। নারী ও প্রতিবন্ধীদের আসন সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”
দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন পেশার ৭৪ জন চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন,
“এই প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে পেশাগত দক্ষতা ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি পাবে, যা সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।”
সাতক্ষীরার সড়ক নিরাপত্তা উন্নয়নে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় এ ধরনের উদ্যোগ চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

















