ডেস্ক রিপোর্ট ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ২:২১:৪০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজার ও বাজার গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
অভিযানকালে জনতা বেকারি এন্ড কনফেকশনারি ও জরি মুড়ি মিল-এ বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই উৎপাদন কার্যক্রম চালানোর প্রমাণ মেলে। জনতা বেকারিতে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য এবং জরি মুড়ি মিলে লাইসেন্সবিহীনভাবে মুড়ি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
খাদ্যের মান ও ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দু’টিকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে অবশ্যই আইন অনুযায়ী উৎপাদন ও বিপণন কার্যক্রম চালাতে হবে। লাইসেন্সবিহীন কোনো খাদ্যপণ্য উৎপাদন বা বাজারজাতকরণ সহ্য করা হবে না।”

















