কালিগঞ্জ প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৫:৫৬ অনলাইন সংস্করণ
“জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষ।
সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা জলাতঙ্ককে “প্রাণঘাতী রোগ” উল্লেখ করে জানান, সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও সচেতনতার মাধ্যমে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। তাদের বক্তব্য, “প্রতিরোধে গুরুত্ব দিন, প্রতিকার নয়; বিশ্ব থেকে বাংলাদেশে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
আলোচনা সভার শেষে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক গৃহপালিত পশু সুরক্ষা পেয়েছে। অনুষ্ঠানটি স্থানীয় মানুষ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

















