Hridoy Barta

শিক্ষকদের সাথে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফরে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ণ
HridoyBarta

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, গণমানুষের প্রিয় ও জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফকে ঘিরে শহীদ স্মৃতি কলেজে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত মতবিনিময় সভা।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “আমাদের হাত ধরেই সাতক্ষীরায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা উন্নয়নে কি করণীয় এ বিষয়ে আমার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরার মাটি জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। আগে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছি, এবার আমরা ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান।
এছাড়া বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, অমিত কুমার চক্রবর্তী, কলেজের শিক্ষক আলমগীর কবির বাবুসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষক তপন কুমার ঘোষ।
মতবিনিময় সভায় ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।