তালা

সংসদে গেলে শিক্ষকদের দাবিদাওয়া আমার প্রথম অগ্রাধিকার হবে : সাবেক এমপি হাবিব

  তালা প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ৩:৪৯:৪৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালা উপজেলা শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি শিক্ষকদের উন্নয়ন, দাবিদাওয়া ও শিক্ষার প্রতি গুরুত্বের বিষয়গুলো তুলে ধরেন।

সভায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার সময়ে ৩৭টি স্কুল-কলেজ স্থাপন করা হয়েছে, কিন্তু গত ১৫ বছরে কোনো নতুন প্রতিষ্ঠান হয়নি। এলাকার কপোতাক্ষ খনন, সেতু নির্মাণ, রাস্তা-ঘাট উন্নয়নসহ নানা কাজ করেছি। সংসদে গেলে সবার আগে শিক্ষকদের দাবিদাওয়া পূরণের চেষ্টা করব।”

তিনি আরও ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরে বলেন, “আমার জনপ্রিয়তার কারণে রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলাম। আমাকে মোট ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল, যা মাথায় নিয়েও কারও সঙ্গে আপস করি নি। কারাজীবন কঠিন ছিল, কিন্তু আমি প্রতিশোধ নেই, কারও ক্ষতি চাইনি।”

সভায় শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, রেহানা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির অন্যান্য সদস্যসহ তালা উপজেলার প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর