সাতক্ষীরা

সম্পাদকের ঈদ শুভেচ্ছা

  ডেস্ক রিপোর্ট ১৯ মার্চ ২০২৬ , ৬:৩৭:২৩ অনলাইন সংস্করণ

আত্মশুদ্ধি, আত্মসংযম ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আবারও এক অনন্য শিক্ষা রেখে বিদায় নিতে চলেছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুসলিম উম্মাহ ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার যে অনুশীলন করেছে, তারই পরিপূর্ণতা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ কেবল আনন্দের নয়, এটি ভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার এক মহামিলন।
প্রতিবছরের মতো এবছরও ঈদ আমাদের জীবনে নিয়ে এসেছে অনাবিল আনন্দের বার্তা। ধনী-গরিব, অসহায়-বিত্তবান, সুবিধাবঞ্চিত-স্বাবলম্বীসব শ্রেণি-পেশার মানুষের মাঝে ঈদের আনন্দ সমানভাবে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের কামনা। ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের সুখ-দুঃখে পাশে থাকা, ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়া।
“মুক্ত মনের মুখপাত্র” এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে। এই পথচলায় আমাদের সাথে যারা নিরলসভাবে যুক্ত রয়েছেনপ্রিয় পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, হকার ভাইসহ সকল পেশার সম্মানিত মানুষ আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের সহযোগিতা ও আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা শুধু উৎসবেই সীমাবদ্ধ থাকিনি। বরং সমাজের কিছু অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে একটু এগিয়ে আসে, তবে কোনো মানুষই আর অবহেলিত থাকবে না।
দৈনিক হৃদয় বার্তা পরিবারের সকল সংবাদকর্মী, প্রতিনিধি ও বিজ্ঞাপনদাতাদের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের শ্রম, সততা ও নিষ্ঠাই এই পত্রিকাকে মানুষের হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থেকে সত্য ও ন্যায়ের পথে এই যাত্রাকে আরও বেগবান করবেনএই প্রত্যাশা রাখছি।
আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হই। সকলের জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা।
সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। -সম্পাদক দৈনিক হৃদয় বার্তা

আরও খবর