কালিগঞ্জ প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ২:৪০:৫৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শেখ অলিউল ইসলাম উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের বাসিন্দা শেখ আমিনুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
রবিবার (২৯ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে নিজ মৎস্য ঘেরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রবিবার এশার নামাজ শেষে গণপতি বায়তুল আমান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার অকাল মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

















