ডেস্ক রিপোর্ট ২৭ এপ্রিল ২০২৬ , ১০:২২:১২ অনলাইন সংস্করণ
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজন উপলক্ষে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২ মে সারা দেশে একযোগে আটটি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠিত হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন করা হবে। এতে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য মানসম্মত খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনটি সফল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইতোমধ্যে জেলায় অনলাইন নিবন্ধনে ব্যাপক সাড়া মিলেছে। আশাশুনি উপজেলায় ২৫৬ জন, সাতক্ষীরা পৌরসভায় ২২৬ জন, কলারোয়া উপজেলায় ২০২ জন, তালা উপজেলায় ১৪৬ জন, দেবহাটা উপজেলায় ১২৫ জন, শ্যামনগর উপজেলায় ১২০ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৫ জনে। আয়োজকরা আশা করছেন, শেষ দিনে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি কার্যকর উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে। এ আয়োজনের গুরুত্ব তুলে ধরতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন তারা।
উল্লেখ্য, আগামী ২ মে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

















