দেবহাটা

দেবহাটায় ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট

  দেবহাটা প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ২:৪৫:৫১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটায় ভ্রাম্যমাণ প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জব্দকৃত ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে দেবহাটা ফুটবল মাঠে এসব আম ধ্বংস করা হয়।

জানা যায়, প্রায় ৫-৬ দিন আগে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে এসব আম জব্দ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা এবং উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান। পরবর্তীতে আমগুলো উপজেলা গুদামে সংরক্ষণ করে পরীক্ষার জন্য রাখা হয়।

উপজেলা কৃষি অধিদপ্তরের পরীক্ষায় আমগুলোতে ক্ষতিকর ক্যামিক্যাল ব্যবহারের প্রমাণ মেলে। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নির্দেশনায় জব্দকৃত আমগুলো বিনষ্টের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিনষ্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন দেবহাটার অতিরিক্ত দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর