দেবাহাটা প্রতিনিধি ১৩ জুন ২০২৬ , ৪:০৪:২৮ অনলাইন সংস্করণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা বন সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. আওছাকুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

















