দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করা এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ৪০০ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভাতশালা গ্রামে অনিকেত আলাম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
অনিকেত আলাম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অনিকেত আলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাতশালা বিজিবি ক্যাম্পের কমান্ডার লোকমান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জলিল, সমাজসেবক বাবলু বিশ্বাস ও সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত করা সম্ভব।
প্রধান অতিথি ওসি এইচ এম শাহীন বলেন, ‘মাদক আমাদের এবং একটি পরিবারের জন্য অভিশাপ।’ সকলের সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় উল্লেখ করে তিনি অভিভাবকদের আরও সচেতন হয়ে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সতর্ক করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপরতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।
পরে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে অনিকেত আলাম ফাউন্ডেশন ছয় হাজারের বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এছাড়া প্রতি মাসের ৬ তারিখে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। নারীদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে ২০ জন নারীকে বিনামূল্যে হাঁসের বাচ্চাও প্রদান করছে সংগঠনটি।







