সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ল স্টুডেন্টস ফোরাম।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা শহরের প্রাণসায়ের খালপাড়ে সংগঠনটির উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি ইমরান হুসাইন, সাধারণ সম্পাদক মো. আবুল হাসান, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক প্রদীপ কুমার ও সদস্য আবু রাহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় তারা খালের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।
ল স্টুডেন্টস ফোরামের নেতারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের নানা সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।







