তালায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ
তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার নিয়ে কোনো ধরনের রাজনীতি, কারসাজি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ডিলার ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাংবাদিক আকবার হোসেন, সার ব্যবসায়ী কেশব সাধু ও বিশ্বজিৎ সাধুসহ বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, কৃষকের প্রয়োজনীয় সার প্রাপ্তি নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। সার নিয়ে কোনো ধরনের রাজনীতি বা কারসাজি করা যাবে না। প্রকৃত কৃষকরা যাতে সহজে এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার কিনতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, কোনো ডিলার বা ব্যবসায়ী সার গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবেন না। কৃষকের চাহিদার কথা বিবেচনায় নিয়ে সার মজুত, বিক্রি ও বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সার বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম হলে তা কৃষকদের দুর্ভোগ বাড়াবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করবে।

সভায় জানানো হয়, বর্তমানে তালা উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ডিলার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সার বিতরণ ও বাজার পরিস্থিতি নিয়ে ডিলারদের বিভিন্ন বিষয় শোনা হয় এবং কৃষকদের স্বার্থে সার সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন