সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের সড়কে নিরাপদে চলাচল, ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনার কারণ ও দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক ও উচ্চমান সহকারী মো. নাছির উদ্দিন।

কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমার মধ্যে যানবাহন চালানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বন এবং বিভিন্ন ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও বিভিন্ন ট্রাফিক সাইন সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন