দখলমুক্ত হলো আশাশুনির জেলা পরিষদের পুকুর

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ
সাহাদাত হোসেন রাজ

সাতক্ষীরার আশাশুনি থানার পাশে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা জেলা পরিষদের ৫৫ শতক আয়তনের একটি পুকুর দখলমুক্ত করে জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের উপস্থিতিতে দখলমুক্ত পুকুরটি জেলা পরিষদের নিয়ন্ত্রণে নেওয়া হয়। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে পুকুরটি আব্দুস সবুরের দখলে ছিল বলে জানিয়েছেন জেলা পরিষদের সার্ভেয়ার আলআমিন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা ভূমি কর্মকর্তা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুকুরটি দখলমুক্ত করার পর সেখানে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি যত অবকাঠামো, জমি ও বিভিন্ন স্থাপনা অন্যের দখলে রয়েছে, সেগুলো দখলমুক্ত করে সরকারের কাছে হস্তান্তর করা হবে।”

জেলা পরিষদের সার্ভেয়ার আলআমিন জানান, আশাশুনি থানার পাশে ৫৫ শতক জায়গার ওপর থাকা পুকুরটি আব্দুস সবুর দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর অবৈধভাবে দখল করে আসছিলেন। জেলা পরিষদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তিনি স্বেচ্ছায় সম্পত্তিটি জেলা পরিষদের প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন