সাতক্ষীরায় ডেঙ্গু ঠেকাতে বাড়ি বাড়ি ভিবিডি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসে বাড়ি বাড়ি সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা। বাড়ির আঙিনা থেকে ছাদ কোথাও জমে থাকা পানি আছে কি না, তা খুঁজে দেখছেন সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের সুলতানপুর, কামালনগর, মুনজিতপুরসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন তারা। এ সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বাড়ির আশপাশে পানি জমে আছে কি না এবং ফুলের টব, বালতি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ বিভিন্ন স্থানে এডিস মশার প্রজননের সুযোগ রয়েছে কি না, তা দেখার বিষয়ে সচেতন করা হয়।

স্বেচ্ছাসেবকেরা বাসিন্দাদের জানান, ডেঙ্গু প্রতিরোধের প্রথম পদক্ষেপ নিতে হবে নিজের বাড়ি থেকেই। বৃষ্টির পর কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। পানি রাখার পাত্র ঢেকে রাখতে হবে এবং ছাদ, বারান্দা, বাড়ির আঙিনা ও আশপাশের জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়—আশপাশের এলাকাতেও নজর দিতে হবে বলে জানান স্বেচ্ছাসেবকেরা। কোথাও পানি জমে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো, নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্র ও আবর্জনা যেখানে-সেখানে না ফেলার বিষয়েও সচেতন করা হচ্ছে।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি এস এম সাজেদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরিবার নিজেদের বাড়ি ও আশপাশে পানি জমতে না দিলে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগী হলে ডেঙ্গুর সংক্রমণ কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতেই মাঠপর্যায়ে কাজ করছেন তারা।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা সংগঠনের দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। বৃষ্টির পর বাড়ির আশপাশে পানি জমেছে কি না, নিয়মিত দেখতে হবে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ভিবিডির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, কারও জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আগে থেকেই এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দিতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা ডিভিশন বোর্ডের কমিউনিকেশন সেক্রেটারি ইব্রাহিম খলিল, সাতক্ষীরা ডিস্ট্রিক্টের হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, ট্রেজারার নাজমুল হাসান, সদর উপজেলা কমিটির করিমুন্নেসা শান্তা, কমিটি মেম্বার গোলাম হোসেন, তানভীর আঞ্জুম খান, সামির চৌধুরী, শিশু সদস্য ফালাকসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধের বার্তা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে ভিবিডি সাতক্ষীরা।

বিজ্ঞাপন