‘আপনার চোখকে ভালোবাসুন’ (Love Your Eyes) এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল (টিটো)। এতে সভাপতিত্ব করেন গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার ব্যবস্থাপক মোহাম্মদ মোর্ত্তজা আলী।
আলোচনা সভায় বক্তারা চোখের সঠিক যত্ন, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং দৃষ্টিজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, চোখের বিভিন্ন সমস্যা শুরুতেই শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। তাই শিশু থেকে বয়স্ক সবারই নিয়মিত চোখ পরীক্ষা করা এবং চোখের যত্নে সচেতন হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জি. এম. আজহারুল ইসলাম, ডা. ফাতেমা তুস জোহরা, ডা. মনিরুজ্জামান ও ডা. অতীশ কুমার বাছারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।







