মারুফ হুসাইন ৪ অক্টোবর ২০২৫ , ২:৫৯:০৬ অনলাইন সংস্করণ
খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেয়—এই বার্তা নিয়েই সাতক্ষীরার কলারোয়ায় শুরু হয়েছে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় কলারোয়া পাইলট স্কুল মাঠে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তরুণদের উশৃঙ্খল জীবন থেকে দূরে রেখে খেলাধুলায় মনোযোগী করতে হবে। আমরা চাই তারা উৎপাদনমুখী ও উন্নয়নমুখী জীবনে অভ্যস্ত হোক।”
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় যশোর ফুটবল একাদশ ও শার্শা ফুটবল একাদশ। টানটান উত্তেজনার ম্যাচে শার্শা একাদশ ১–০ গোলে জয় ছিনিয়ে নেয়।
ম্যাচে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব। টুর্নামেন্টে কলারোয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন স্পন্সর করে।
এ সময় স্থানীয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

















