দেবহাটা প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ৪:৩৬:৫৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকারিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের ম্যানেজার মামুন হোসেন এবং ব্র্যাকের দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে ও স্বল্প সময়ে বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি সহজ ও কার্যকর বিচারব্যবস্থা হিসেবে কাজ করছে।
কর্মশালায় গ্রাম আদালতকে ইউনিয়ন পর্যায় থেকে আরও বিস্তৃতভাবে জনগণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় গ্রাম আদালতের ক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

















