দেবহাটা প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৩:৩৬:৫১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে বাংলাদেশে আনা ভারতীয় গলদা চিংড়ির রেনু (পোনা) আটক করা হয়েছে। পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে রেনুগুলো স্থানীয় খালে অবমুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার একটি টিম উপজেলার কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পাঁচটি পলিব্যাগে রাখা বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনু উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারের পর বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রেনুগুলো দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জব্দকৃত রেনু দেবহাটা উপজেলার বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়।
রেনু অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, এসআই আলামিন, এসআই নকীব, এএসআই সোহাগ, উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ওসি আব্দুল আলিম অবৈধ চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে কোনো পণ্য বা প্রাণিসম্পদ আনার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত এক মাসে দেবহাটা থানা পুলিশের ধারাবাহিক অভিযানে মোট ৩৪ বল ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে রেনু পাচার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

















