তালা প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ৩:৪৩:৫৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলার ৩৭ নম্বর ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ দত্তের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি সম্পত্তি বিক্রি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুন) ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান উদ্দীন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় বিদ্যালয় প্রাঙ্গণে থাকা তিনটি বড় মেহগনি গাছ কেটে বিক্রি করা হয়। গাছগুলোর আনুমানিক মূল্য এক লাখ টাকার বেশি হলেও বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ঘোনা পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এর ফলে ব্যবহৃত বিদ্যুতের বিল সরকারি তহবিল থেকে পরিশোধ করা হয়েছে, যার পরিমাণ লক্ষাধিক টাকা বলে অভিযোগকারীর দাবি।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণকাজেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ দত্ত বলেন, “বিষয়টি তদন্ত হোক। তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আমি কোনো গাছ কাটিনি এবং অভিযোগের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মণ্ডল বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

















