কালিগঞ্জ প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ৩:৪৪:২৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে পুঁতে রাখা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পুরাতন থানা ভবন ভাঙার অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটার কাজ করছিলেন। এ সময় উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটিচাপা অবস্থায় থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একই সময় পাশে কর্মরত অপর শ্রমিক কামরুল হাসান (৪০) বিস্ফোরণের আঘাতে ডান পায়ে আহত হন।
ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পুরাতন ভবন ভাঙার সময় মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। ককটেলটি কীভাবে সেখানে এলো এবং কতদিন ধরে মাটিচাপা অবস্থায় ছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

















