তালা

নগরঘাটায় মন্দির-স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মহব্বত আলী সরদার

  আবু রায়হান ১৩ জুলাই ২০২৬ , ১:৩৭:১২ অনলাইন সংস্করণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মহব্বত আলী সরদার।

সোমবার (১৩ জুলাই) নগরঘাটা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় মসজিদ ও মন্দির প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় উপাসনালয়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মহব্বত আলী সরদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং ধর্মীয় উপাসনালয়ের সবুজ পরিবেশও প্রকৃতি সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মকুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিরাজুল ইসলাম (মিন্টু), কৃষক দলের সভাপতি সাহেব আলী এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন।

এ সময় বিদ্যালয়, মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর