তাবলিগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন হাবিব

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ
মারুফ হুসাইন

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও তাবলিগ জামাতের সাতক্ষীরা জেলার মুরুব্বি মাওলানা মুছা হুজুরের কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি মাওলানা মুছা হুজুরের প্রতিষ্ঠিত নির্মাণাধীন ‘মসজিদে সালমান (রা.)’-এর নির্মাণকাজে তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া পারিবারিক কবরস্থানে গিয়ে মাওলানা মুছা হুজুরের কবর জিয়ারত করেন হাবিবুল ইসলাম হাবিব।

মাওলানা মুছা হুজুর গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

কবর জিয়ারত শেষে মাওলানা মুছা হুজুরের স্মৃতিচারণ করে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘মুছা হুজুর সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ ও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তাঁর চলাফেরা ও কথাবার্তায় অত্যন্ত বিনয়ীভাব প্রকাশ পেত। তিনি সব সময় মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন। তাঁর হাতে গড়ে ওঠা অনেক ছাত্র বর্তমানে দেশের সুনামধন্য আলেম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।’

তিনি মরহুম মাওলানা মুছা হুজুরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম সফি, সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মুজিবর রহমান সরদার, খলিশখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মুক্তার হোসেন মুক্ত, কুমিরা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব নুরুল ইসলাম মন্টু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন শিমুল, সরুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ব্যবসায়ী মকবুল হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, নাজিমুদ্দিন মেম্বার, মরহুমের পরিবারের সদস্যসহ স্থানীয় ব্যক্তিরা।

বিজ্ঞাপন