বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় অ্যাডভোকেট আজিবর রহমানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মণ্ডল পার্শ্ববর্তী খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুন্সিগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি দ্রুতগতির বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) বংশীপুর এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ থেকে সজোরে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শুভঙ্কর মণ্ডল ঘটনাস্থলেই মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে নিজ বাড়িতে ফেরার পথে বংশীপুর এলাকায় পৌঁছালে বিআরটিসি বাসের চাপায় তিনি নিহত হন।

দুর্ঘটনার পর বিআরটিসি বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন