সাতক্ষীরার দেবহাটায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশের অভিযানে ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদকসহ নুর ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। তবে অপর দুই আসামি পালিয়ে গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বহেরা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বহেরা বাজার থেকে বহেরা হাইস্কুলগামী পাকা সড়কে নুরুল আমিনের চায়ের দোকানের সামনে তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করেন স্থানীয়রা। এ সময় কুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শেখ আফ্রিদিসহ কয়েকজন তাঁদের আটকে রেখে দেবহাটা থানায় খবর দেন।
খবর পেয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন নেতৃত্বে এসআই সোহাগ মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে নুর ইসলামকে ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্সসহ আটক করা হয়।
এ সময় তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি মাহমুদপুরের ডাকাতপাড়া এলাকার আব্দুস কুদ্দুস কারিগরের ছেলে শরিফুল ইসলাম (৩২) এবং মোড়লপাড়ার রেজাউল মোড়লের ছেলে মজনু মোড়ল (৩৫) পালিয়ে যান।
এ ঘটনায় এসআই সোহাগ মিয়া বাদী হয়ে আটক নুর ইসলামসহ তিনজনের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা করেছেন। মামলার নম্বর ১৩, তারিখ ৩০ অক্টোবর ২০২৬।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







