কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ণ
কালিগঞ্জ প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, আইসিটি কর্মকর্তা হেমন্দ্র নাথ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে যুব র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও যুবঋণের চেক বিতরণ।

আয়োজকেরা জানান, এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন