তালা

আ.লীগ নেতার করা ডাকাতি মামলায় জাতীয় পার্টি নেতা নজরুলসহ চারজন খালাস

  ডেস্ক রিপোর্ট ৩১ জুলাই ২০২৫ , ১০:৫৭:৪৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা এস.এম নজরুল ইসলামসহ চারজন ডাকাতি ও ছিনতাই মামলায় খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরিফ মো. সানাউল হক এই রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) ও রফিকুল মোল্লা (৪২)। খালাস পাওয়া এস.এম নজরুল ইসলাম বর্তমানে তালা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ১২ জুলাই সন্ধ্যায় তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে বাদী জিএম আলাউদ্দীনের কাছে থাকা ৮৫ হাজার টাকা অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয়।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুজ্জামান বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যা ও ভিত্তিহীনভাবে এ মামলাটি সাজানো হয়েছিল। আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে চারজনকেই নির্দোষ হিসেবে খালাস দিয়েছেন।”

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় এস.এম নজরুল ইসলাম বলেন, “আমি ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিজয়ী হলেও আমাকে হারানো হয়। এরপর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মদদে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়—চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা অভিযোগে। আজ আদালতের রায়ে প্রমাণ হয়েছে আমি নির্দোষ। আমি ন্যায়বিচার পেয়েছি।”

আরও খবর