ডেস্ক রিপোর্ট ২০ আগস্ট ২০২৫ , ১:৫২:০১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের আওতায় দরিদ্র ও অসহায় নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তবেই তারা নিজেদের জীবনে স্বনির্ভর হয়ে পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখতে পারবেন। স্বাবলম্বী নারী গড়ে উঠলে সমাজ হবে আরও সুন্দর ও শক্তিশালী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতিস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াকুব আলী, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম এবং প্রতিবন্ধী সাহায্য ও পুনর্বাসন কেন্দ্রের কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এই মেশিন ব্যবহার করে তারা স্বনির্ভর হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক বোঝা লাঘব করবেন। অন্যদিকে হুইলচেয়ার পাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সহজ চলাচলের সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

















