ডেস্ক রিপোর্ট ২৬ আগস্ট ২০২৫ , ৪:৫১:৫৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুর হক, সদস্য সুমাইয়া ইয়াসমিন, মেহেদী হাসান, সুমাইয়া ইয়াসমিন সাবিনা, জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ইনোভেশন কমিটির সদস্যরা।
সভায় জেলার সাইবার অপরাধের সাম্প্রতিক চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সেমিনার আয়োজন, অভিভাবক সমাবেশে সচেতনতা বৃদ্ধি, অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করা ও বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, ভিকটিমের তথ্য গোপন রেখে সুরক্ষা নিশ্চিত করা ইত্যাদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সরকারি সেবায় প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার ও চলমান উদ্ভাবনী প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও বিস্তর আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, “প্রযুক্তির সুফল ভোগ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানসবার অংশগ্রহণেই সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব।”

















