সাতক্ষীরা

সাতক্ষীরায় একযোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

  ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ২০২৬ , ১:৫৪:২৫ অনলাইন সংস্করণ

সারা দেশের সঙ্গে একযোগে সাতক্ষীরায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে এ আর্থিক সুবিধা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এককালীন আর্থিক সুবিধা পাওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়ে সারাদেশের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। কর্মজীবন শেষে তাদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধা যথাসময়ে প্রদান করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী এবং সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মিনি। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে শিক্ষা ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের জীবনের শেষভাগে প্রাপ্য আর্থিক সুবিধা হাতে পাওয়া অত্যন্ত স্বস্তির বিষয়। এই অর্থ তাদের চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাপনে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কয়েকশ অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী এ কার্যক্রমের আওতায় অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেয়েছেন। তাদের অনেকের হাতে চেকের মাধ্যমে এবং অনেকের হিসাবে ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষার অবসান ঘটেছে।

অর্থের চেক হাতে পেয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক আবেগাপ্লুত হয়ে বলেন, “কর্মজীবন শেষ করার পর এই অর্থের জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। অবশেষে একযোগে অর্থ পাওয়ায় আমরা খুবই আনন্দিত। এই অর্থ জীবনের শেষ দিনগুলো কিছুটা স্বস্তি ও শান্তিতে কাটাতে সহায়তা করবে।”

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দ্রুত ও সহজ প্রক্রিয়ায় তাদের প্রাপ্য অর্থ পাওয়ার ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানান।

আরও খবর