এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৬:০৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ (এএবি) ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। অনুষ্ঠানটি ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় রমজাননগরের প্রগতি সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ডেপুটি ম্যানেজার, রাইট টু ফুড এন্ড লাইফলিহুড, একশনএইড বাংলাদেশ অমিত রঞ্জন দে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন। এছাড়া অন্যান্য অতিথির মধ্যে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, চাইল্ড স্পন্সরশীপ অফিসার সমিরন বিশ্বাস, এনজিও প্রতিনিধি অষ্টমী মালা, প্রগতি প্রকল্পের কৃষি কর্মকর্তা নাজমুস সাকিব এবং একশনএইড বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
হাব কো-অর্ডিনেটর মোঃ আছের আলীর সঞ্চালনায় বিকল্প কর্মসংস্থান তৈরিতে দর্জি প্রশিক্ষণ সম্পন্ন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুরু হয়। একশনএইড বাংলাদেশের কমিউনিটি ভিত্তিক “প্রগতি” প্রকল্প রমজাননগর ইউনিয়নে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি জেন্ডার সমতা, জলবায়ু ন্যায়বিচার, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০২৩ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতে নতুন প্রশিক্ষণ ও সভা আয়োজন করা উচিত। এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর রমজাননগর ইউনিয়নে প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা যাচাই করা হবে এবং তাদের সকলকে প্রতিবন্ধী কার্ড সঙ্গে আনতে বলা হয়েছে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান একশনএইড বাংলাদেশের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

















