প্রেস বিজ্ঞপ্তি ১১ এপ্রিল ২০২৬ , ৩:০৬:১২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক অ্যাডভোকেট এবিএম সেলিমকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আইনজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ঘটনাটি সংশ্লিষ্ট মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা যায়, গত ৮ এপ্রিল একটি ফেসবুক আইডি থেকে অ্যাডভোকেট এবিএম সেলিমের ছবি ব্যবহার করে তাকে ‘ফ্যাসিস্ট দোসর’ আখ্যা দিয়ে একটি মানহানিকর পোস্ট দেওয়া হয়। সংশ্লিষ্টরা এটিকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে উল্লেখ করে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট এবিএম সেলিম বলেন, তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। ২০০১ সালে তিনি এপিপি (Assistant Public Prosecutor) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নোটারি পাবলিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আশাশুনি উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির নারী ও শিশু নির্যাতন সহায়তা কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য, সাতক্ষীরা জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এবং জেলা পরিষদের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।
অ্যাডভোকেট সেলিম অভিযোগ করে বলেন, ইসমাইল হোসেন বাবু নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ফ্যাসিস্ট দোসর’ উল্লেখ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই; তিনি ওই মামলায় কোনো ওকালতনামা দেননি, কোনো স্বাক্ষর বা সিল ব্যবহার করেননি এবং আদালতে কোনো ধরনের মুভও করেননি। বিষয়টি প্রমাণে প্রয়োজনে সিসি ক্যামেরা যাচাইয়ের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ডকুমেন্ট ও তথ্য যাচাই না করে এ ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা দুঃখজনক। এ ঘটনায় তার মানহানি হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে যারা তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা তথ্যের প্রতিবাদ জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং সবার কাছে সত্য তথ্য তুলে ধরেন।
এঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন এবং সদস্য অ্যাডভোকেট এবিএম সেলিমকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। তারা এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্যসমূহ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি শুধু সংশ্লিষ্ট দুই আইনজীবীর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেনি, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা বলে তারা মনে করেন।
বিবৃতিতে আরও বলা হয়, আইনজীবী সমাজের মর্যাদা ও পেশাগত সততা বিনষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। নেতৃবৃন্দ উক্ত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং “আইবি ইসমাইল বাবু”কে নিঃশর্ত ক্ষমা চেয়ে অবিলম্বে এ ধরনের মানহানিকর ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

















