Hridoy Barta

তালায় বিএনপির সম্মেলন: ঐক্যের ডাক দিলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “আমি এই এলাকার সন্তান, আপনাদের সন্তান। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমি অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও করতে চাই। এজন্য ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, “জালালপুর ইউনিয়ন বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি। বিএনপির প্রতিষ্ঠাতার বাড়িও এই ইউনিয়নে। বিগত স্বৈরশাসকের আমলে আপনারা ভোট দিয়ে মফিদুল হক লিটুকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এই মাটির কৃতিসন্তান বিপ্লবকে খুনি হাসিনার বাহিনী গুলি করে হত্যা করেছে।”

তিনি আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে দলের ভেতর ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমি অতীতে ব্যাপক উন্নয়ন করেছি, আগামীতেও উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। প্রতিটি কর্মীকে সুন্দর ব্যবহার ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে।”

নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো অনিয়ম-দুর্নীতি কিংবা বিভেদ সৃষ্টি করা যাবে না। পাশাপাশি তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের নির্দেশ দেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহারাব হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী।

স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুবদল আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সম্পাদক সম. ইয়াছিন উল্লাহ, মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

তালা সদর বিএনপির সম্মেলন

একই দিন বিকেলে তালা সদর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় তালা বিদে সরকারি বিদ্যালয় মাঠে। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আবুল কালাম বিশ্বাস সভাপতি, মনিরুলজ্জামান মনি সাধারণ সম্পাদক এবং আব্দুল আলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।