নিজস্ব প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ২:০২:১৮ অনলাইন সংস্করণ
দীর্ঘদিনের ন্যায়সংগত দাবি বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো সাতক্ষীরায়ও কর্মবিরতিতে নেমেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের চার দফা দাবি আদায়ে সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে “নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেন শিক্ষকরা। উদ্যোগটি নেয় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে :
পৃথক অধিদপ্তরে শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে রেখে চারস্তরবিশিষ্ট পদসোপান,
বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান,
দীর্ঘদিন প্রমোশন বঞ্চিত শিক্ষকদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা,
অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্য অ্যাডভান্সড ইনক্রিমেন্ট আগের নিয়মে বহাল রাখা।
শিক্ষকরা জানান, বহুদিনের অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনে বাধ্য হয়েছেন। সরকারের প্রতি দ্রুত কার্যকর গেজেট প্রকাশের দাবি জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের দাবিগুলো যৌক্তিক হলেও শিক্ষা ব্যাহত হওয়া অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সমাধানে মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
কর্মবিরতির কারণে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।
এসময় কর্মবিরতিতে অংশ নেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, শ্যামল কুমার দাশ, সাইফুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, জি এম আলতাফ হোসেন, দুলাল চন্দ্র মন্ডল, গাজী মহব্বত হোসেন, আব্দুস ছবুর, নার্গিস সুলতানা, রোকেয়া সুলতানা এবং সহকারী শিক্ষক কাবিজুল ইসলাম, দিব্যেন্দু সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

















