সাতক্ষীরা

খানপুরে জামায়াতে ইসলামীর ইসলামী পাঠাগারের শুভ উদ্বোধন

  মোঃ মোস্তাকিম বিল্লাহ, শিবপুর প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৫:০৪:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিষ্ঠিত ইসলামী পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় খানপুর বাজারসংলগ্ন জামায়াতে ইসলামীর ইসলামী পাঠাগার প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবদুল খালেক। তিনি ফিতা কেটে ইসলামী পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর প্রধান অতিথি পাঠাগারটি পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন ইসলামী ও জ্ঞানভিত্তিক বইয়ের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি বলেন, “একটি জাতির নৈতিক ও আদর্শিক উন্নয়নের জন্য ইসলামী জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। ইসলামী পাঠাগার তরুণ প্রজন্মকে কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি পাঠাগারটিকে এলাকাবাসীর জন্য একটি কার্যকর জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, ইসলামপ্রিয় জনতা, শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামী পাঠাগার প্রতিষ্ঠার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এর ধারাবাহিক কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর