সাতক্ষীরা

৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  নিজস্ব প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ২:১২:০৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।” শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমবায় অফিসার এফ. এম. সেলিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার করিমুল হক, জেলা কৃষি প্রকৌশলী হারুন বিন হানিফ, সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি অরূপ সাহা, সাতক্ষীরা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রব ওয়ার্ছি, দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের জেলা সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দীপু, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. আশরাফ আলী, পরিদর্শক জাফর ইকবাল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান এবং জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও মুর্শিদ আলম। দিবসটি উপলক্ষে দুগ্ধ প্রকল্পের আওতায় পাঁচজন সমবায়ীর মাঝে সুদমুক্ত ঋণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর