এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২ মে ২০২৬ , ৪:০৬:৪৬ অনলাইন সংস্করণ
সব প্রস্তুতি সম্পন্ন, ঘরজুড়ে বিয়ের আমেজ কিন্তু শেষ পর্যন্ত আর বিয়ের পিঁড়িতে বসা হলো না কলেজ ছাত্র সৈকত মুখার্জির। পারিবারিক সিদ্ধান্তে ঠিক হওয়া বিয়ের মাত্র কয়েকদিন আগে রহস্যজনক আত্মহত্যায় থেমে গেল এক তরুণ জীবনের সব স্বপ্ন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের বাসিন্দা আদিত্য মুখার্জীর একমাত্র ছেলে সৈকত মুখার্জি (১৭) শনিবার (২ মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, সৈকত শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে একটি সম্পর্ক থেকে দূরে রাখতে পিসির মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়। আগামী ৭ মে ছিল বিয়ের নির্ধারিত তারিখ। এমনকি হবু নববধূকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে বিয়ের প্রয়োজনীয় কেনাকাটাও সম্পন্ন করেছিলেন তিনি।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের মুখে একটাই প্রশ্ন, কেন এমন করলো সৈকত?
শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

















