জাহিদ হোসেন ১০ জানুয়ারি ২০২৬ , ৫:১৩:৫৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের রেউর বাজার সড়কে কয়ারবিল বটতলা রাকিন ব্রিকস সংলগ্ন মজুমদারের খালের উপর অবস্থিত পুরনো ব্রিজটি ধসে পড়েছে। দীর্ঘদিনের ক্ষয়ক্ষতির কারণে ব্রিজটি পুরোপুরি ব্যবহার অযোগ্য হয়ে পড়ায় সাধারণ পথচারী ও এলাকার ব্যবসায়ীরা বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজটি এই এলাকায় যাতায়াতের একমাত্র প্রধান সড়ক। ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে মানুষের চলাচল ও বানিজ্যিক লেনদেনও প্রভাবিত হচ্ছে। সাধারণ মানুষের সীমিত সহায়তায় এখন কেবল ছোট যানবাহন ও পথচারীরা কোনোমতে চলাচল করছেন।
একজন স্থানীয় পথচারী কাজী আব্দুল্লাহ বলেন, “প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে আমরা গ্রামের দিকে যাই। এখন ব্রিজ ধসে যাওয়ায় আমাদের যাতায়াত অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। শিশু, বৃদ্ধ সবাই ঝুঁকির মধ্যে পড়ছে।”
অন্য একজন স্থানীয় ব্যবসায়ী শাহিনুর রহমান বলেন, “এই ব্রিজটি আমাদের বানিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন ব্রিজ বন্ধ হওয়ার কারণে আমাদের পণ্যের লেনদেনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা চাই।”
এছাড়া, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরাও সমস্যায় পড়েছেন। সেখানকার রতন বিশ্বাস জানান, “প্রতিদিন এই ব্রিজ পার হয়ে স্কুলে যেতে হয়। ধসে যাওয়ায় ঝুঁকি বেড়েছে, তাই আমরা ভয়ে হাটতে পারি না।”
এলাকাবাসী সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছে, যাতে সাধারণ মানুষের চলাচল সহজ হয় এবং এলাকার অর্থনীতি সচল থাকে।











