ডেস্ক রিপোর্ট ১৬ জুন ২০২৬ , ১:৩০:০০ অনলাইন সংস্করণ
মানব পাচার প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও নাগরিক সমাজ সংগঠনগুলোর (সিএসও) মধ্যে সমন্বয় জোরদার এবং একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত আহ্বায়ক, ক্রিসেন্ট-এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক, সিডো-এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক এবং হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিএন-এর কার্যক্রম, এর প্রয়োজনীয়তা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে বিদ্যমান আইনগত বিষয়াবলি নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ।
সভায় বক্তারা মানব পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থার মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা মানব পাচার রোধে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন পরিত্রাণ-এর নির্বাহী পরিচালক মিলন দাস, আরার প্রকল্প সমন্বয়কারী সুলতান মাহমুদ, প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার নাসরিন সুলতানা, জাস্টিস ফর কেয়ার-এর ইউথ লিডার সোহেল রানা, ব্র্যাক-এর জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ, উত্তরণ-এর লিগ্যাল অ্যাডভাইজার মো. মমিন উদ্দিন এবং অগ্রগতি-র ডেপুটি ম্যানেজার মো. সাহিনুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান ও কুমারেশ মণ্ডলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সভায় মানব পাচার প্রতিরোধে জেলার সকল সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

















