ডেস্ক রিপোর্ট ১৫ জানুয়ারি ২০২৬ , ২:৩৩:৩৭ অনলাইন সংস্করণ
সারাদেশে ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় মোবাইল কমিউনিটি বাংলাদেশ-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা যথাযথ তদন্ত ছাড়াই মোবাইল ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণ হয়রানিমূলক ও অযৌক্তিক। এতে করে দেশের বৈধ মোবাইল ব্যবসা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবসায়ীরা আইন মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে ৫৬ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করার ঘটনায় সারাদেশের মোবাইল ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তারা অবিলম্বে গ্রেপ্তার হওয়া সকল মোবাইল ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক অভিযান বন্ধের জোর দাবি জানান। পাশাপাশি মোবাইল ব্যবসা সংক্রান্ত যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সোহান মীর, মো. সাইদুল্লাহ, গোবিন্দ, ভুবন, আরিফ, অনিক, তানভিরসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা।

















