সাতক্ষীরা

সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

  ডেস্ক রিপোর্ট ৩০ এপ্রিল ২০২৬ , ২:৩৩:৪৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। “দক্ষতায় শক্তি” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আরএফটিআই প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে তরুণদের দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নেয় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও যুব উন্নয়ন অধিদপ্তর। জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ১৫০ জন তরুণ-তরুণী এতে অংশগ্রহণ করেন। পরে তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণে ভর্তি হওয়ার জন্য তালিকাভুক্ত হন।

সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, সাতক্ষীরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ অপু হালদার, অজন ফাউন্ডেশনের পরিচালক মহুয়া মঞ্জুরী, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, মাই টিভি সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু এবং উন্নয়নকর্মী মৃণাল সরকার।

আয়োজকরা জানান, ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল আগ্রহী যুবকদের চিহ্নিত করে তাদের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর কোর্সগুলোর মধ্যে রয়েছে— আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, অটোক্যাড, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, ওয়েল্ডিং, গ্রাফিক্স ও ভিজ্যুয়াল ডিজাইন, জাপানিজ ও কোরিয়ান ভাষা শিক্ষা এবং ড্রাইভিং।

অন্যদিকে, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ বিষয়গুলোর মধ্যে রয়েছে— বেসিক কম্পিউটার, মাছ চাষ, হাউজ ওয়্যারিং, রেডিও-টিভি ও ফ্রিজ মেরামত, ব্লক প্রিন্টিং ও হস্তশিল্প, ওয়েল্ডিং, ক্যাটারিং, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, গবাদিপশু পালন এবং হাঁস-মুরগি পালন।

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা তাদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। উপস্থিত অতিথিরা এমন উদ্যোগ গ্রহণ করায় একশনএইড বাংলাদেশ ও সিডো-কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান।

আরও খবর