সাতক্ষীরা

নিরাপদ দুগ্ধ উৎপাদনে সাতক্ষীরায় ব্র্যাকের প্রশিক্ষণ

  ডেস্ক রিপোর্ট ২০ মে ২০২৬ , ২:১২:০৯ অনলাইন সংস্করণ

“নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

ব্র্যাকের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মাহাবুব হাসানের সভাপতিত্বে এবং সাতক্ষীরা এরিয়ার ভেটেরিনারি সার্জন ডা. তাজ মোহাম্মদ তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আব্দুস সালাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কাশেম এবং ব্র্যাকের এরিয়া ম্যানেজার সোহেল রানা। এছাড়াও স্থানীয় খামারী, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার, দুধ সংগ্রহ ও সংরক্ষণের কৌশল এবং ভেজালমুক্ত নিরাপদ দুধ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেজালযুক্ত দুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক ডেইরি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। খামারী ও সোসাইটি ম্যানেজারদের আরও সচেতন করতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, প্রতিদিন খামারীদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা বজায় রাখছে। বিভিন্ন সময় চিলিং সেন্টার পরিদর্শনে গিয়ে দুধ সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি দেখে সন্তুষ্টির কথা জানান তিনি। আগামী দিনেও ব্র্যাক ডেইরি গুণগত মানসম্পন্ন ও নিরাপদ দুধ ভোক্তাদের কাছে পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নিরাপদ দুধ সংগ্রহে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আরও স্বাস্থ্যসম্মতভাবে দুধ উৎপাদন, সংগ্রহ ও পরিবহনে গুরুত্ব দেবেন। পাশাপাশি সব ধরনের ভেজাল ও দূষণ থেকে বিরত থেকে নিরাপদ দুধ সরবরাহে ভূমিকা রাখবেন।

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। তারা ব্র্যাক ডেইরির এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক দুগ্ধ খামারীকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুধ সংরক্ষণের জন্য একটি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।

আরও খবর