ডেস্ক রিপোর্ট ২৩ মে ২০২৬ , ৪:৩২:০৭ অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মানবাধিকার সংগঠন অধিকার-এর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনি সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাতক্ষীরা সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ফিরোজ হোসেন। এতে বক্তব্য দেন গুমের শিকার ডা. মোখলেছুর রহমান জনির পিতা শেখ আব্দুর রাশেদ, সাংবাদিক জিল্লুর রহমান, শাহজাহান আলী মিটন, আব্দুল আলিম, গুম থেকে ফিরে আসা মো. টিপু সুলতান, সামিউলসহ অনেকে।
বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। দীর্ঘ এক দশক পার হলেও এখনও অনেক পরিবারের স্বজনদের সন্ধান মেলেনি। তারা অভিযোগ করেন, দেশে নির্বাচিত সরকারের চার মাস অতিবাহিত হলেও গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গুম কমিশন আইন অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নেরও জোর দাবি তোলা হয়।
এসময় গুমের শিকার ডা. মোখলেছুর রহমান জনির পিতা শেখ আব্দুর রাশেদ আবেগঘন বক্তব্যে বলেন, “২০১৬ সালের ৪ আগস্ট আমার ছেলে জনিকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানার লকআপে রাখা হয়েছিল। তিন দিন তাকে খাবার দিয়েছি। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাইনি। গুমের ঘটনায় জড়িত তৎকালীন ওসি এমদাদসহ অভিযুক্তরা এখনও পলাতক। তাদের দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে।”
তিনি আরও বলেন, জনির কন্যা সন্তান ও পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। তাই গুমের শিকার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

















