ডেস্ক রিপোর্ট ২৫ জুন ২০২৬ , ১:১৯:১৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ২৩ জুন প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
পিআইবির প্রশিক্ষক সাহানায়ার সাঈদ শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এবং প্রশিক্ষক জুলহাস কবীর।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে সাংবাদিকদের কাজের পরিধি ও চ্যালেঞ্জ দুটোই বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের কোনো বিকল্প নেই। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, এই প্রশিক্ষণ সাতক্ষীরার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে আরও সমৃদ্ধ করবে।
তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা জনসাধারণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষক সাহানায়ার সাঈদ শাহীন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মাল্টিমিডিয়া প্রযুক্তি বিশ্বজুড়ে সাংবাদিকতার ধরন বদলে দিচ্ছে। দেশের মফস্বল পর্যায়ের সাংবাদিকরাও যেন এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, অপতথ্য শনাক্তকরণ কৌশল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মাঠপর্যায়ের সাংবাদিকতা আরও গতিশীল হবে। অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং বা তথ্যের সত্যতা যাচাইয়ের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন, যা তাদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করবে।
সাতক্ষীরা প্রেসক্লাব এবং জেলার বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক দুইটি সেশনে বিভক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল বিষয়ে বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে অতিথিরা অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা গুজব, অপতথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।

















