নিজস্ব প্রতিনিধি ১০ মে ২০২৬ , ৩:২০:৫৮ অনলাইন সংস্করণ
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সাতক্ষীরার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আওতায় অনুষ্ঠিত ৮টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের সদস্য, বিভিন্ন উপজেলা থেকে আগত অতিথি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

















