সাতক্ষীরা

শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন সাতক্ষীরা টাইগার্স

  ডেস্ক রিপোর্ট ১০ জানুয়ারি ২০২৬ , ৫:২৪:১১ অনলাইন সংস্করণ

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা টাইগার্স একাদশ।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রসুলপুর ক্রিকেট একাদশের মুখোমুখি হয় সাতক্ষীরা টাইগার্স একাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রসুলপুর ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে সাতক্ষীরা টাইগার্স একাদশ। তারা মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।
গত ৮ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান নাসিম ফারুক খান মিঠু।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মো. আল মামুন, সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শ, ত্যাগ ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরও খবর