ডেস্ক রিপোর্ট ১২ অক্টোবর ২০২৫ , ৪:২২:৪৫ অনলাইন সংস্করণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্ট সাতক্ষীরা স্টেডিয়ামে আলোড়ন সৃষ্টির মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে প্রবেশ করল। রবিবার (১২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা ফুটবল দল বরিশালকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে জয় অর্জন করেছে।
ইভেন্টে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে, সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, যিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, এবং বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ।
খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে কোন দলই গোল করতে না পারায় ম্যাচ রূপ নেয় উত্তেজনাপূর্ণ ট্রাইবেকারে। সেই চরম লড়াইয়ে সাতক্ষীরা জেলা দল বরিশালকে ৩-২ গোলে পরাজিত করে মাঠ ছাড়ে বিজয়ীর মতো।
খেলা পরিচালনা করেন রেফারি ফরিদ আহমেদ, আনিছুর রহমান ও নুরুন্নবী। উপচে পড়া ভীড়, উত্তেজনা এবং উল্লসিত সমর্থকরা পুরো আয়োজনকে আরও জমকালো করেছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।
ট্রাইবেকারের নাটকীয়তা ও দর্শক উচ্ছ্বাস মিলিয়ে এই জয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলা দল জাতীয় চ্যাম্পিয়নশীপে এক চরম প্রভাব ফেলেছে।

















